যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরান। এই চুক্তির ফলে আজ রাত থেকেই সব ফ্রন্টে চলমান যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হবে বলে দাবি করা হয়েছে। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতও বন্ধ হবে। পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়াও আজ রাত থেকেই শুরু হবে।
ভারতে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার বক্তব্য প্রকাশ করে জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ঘারিবাবাদি আরও বলেন, একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়েছে। তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের কথাও জানান।
তবে এই চুক্তি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে ইসরায়েলে। দেশটির কয়েকজন কর্মকর্তা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিংবা আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



