Advertisement

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেফালী বেগম বাদী হয়ে গত রোববার ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Ghior thana

অভিযোগ সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বালিয়াবাঁধা গ্রামের বাসিন্দা শেফালী বেগম ও তাঁর ছেলে শাকিলের সঙ্গে একই গ্রামের জিন্নাত আলী (৫৫), হাসেম (৪৫), কাসেম (৪০), সহিদুল ও সানুর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানতে অস্বীকৃতি জানায়। বরং বিভিন্ন সময়ে শেফালী বেগম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত রোববার সকাল পৌনে ৮টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বেআইনিভাবে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে বিভিন্ন ফলজ গাছ কাটা শুরু করে। এ সময় শাকিল (২৪) প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে হাসেম হত্যার উদ্দেশ্যে শাকিলের মাথায় সজোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে শেফালী বেগমকেও মারধর করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শেফালী বেগম অচেতন হয়ে মাটিতে পড়ে থাকলে অভিযুক্তরা তাঁর গলায় পরিহিত স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তাঁর স্বামী পিয়ার আলী ও কন্যা প্রিয়াংকা (১৮) এগিয়ে এলে তাঁদেরকেও মারধর করা হয়।

এ ঘটনায় দুই সপ্তাহ আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া প্রিয়াংকা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শেফালী বেগম অভিযোগ করে বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। রোববার তারা আমাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার পর থেকেও তারা হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত হাসেমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

ঘিওর থানার উপ-পরিদর্শক মোক্তার আলী জানান, “ঘটনা নিয়ে উভয় পক্ষের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google