নেত্রকোনার একটি মামলার সূত্র ধরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে থানায় নেওয়া হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রিয়া খান তার মা ও ভাইয়ের সহযোগিতায় প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে পরে ধর্ষণ মামলায় জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে, এবং কয়েকটি মামলায় সংশ্লিষ্টরা বর্তমানে কারাগারে আছেন।
পুলিশ জানায়, তারা বারবার বাসা পরিবর্তন করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং পরে ধর্ষণের অভিযোগে মামলায় ফাঁসিয়ে টাকা আদায়ের চেষ্টা করতো বলে অভিযোগ রয়েছে। আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার জানান, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ায় অনেকেই অভিযোগ করতে সাহস পেত না।
তিনি আরও জানান, নেত্রকোনার আকপাড়া থানার একটি ওয়ারেন্টভুক্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই থানার তদন্ত কর্মকর্তা তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় আসেন। এ সময় থানার সামনে বিপুল জনসমাগমের কারণে তাদের গাড়িতে তুলতে পুলিশকে বেগ পেতে হয়।
আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, মামলার বাদী তমা আক্তারের অভিযোগের ভিত্তিতে প্রিয়া খান, তার ভাই ও মাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই থানায় তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


