বিশ্বকাপ উন্মাদনায় যখন কাঁপছে পুরো বিশ্ব, তখন সেই আবেগ ছড়িয়ে পড়েছে দেশের তারকা অঙ্গনেও। আর্জেন্টিনা ও লিওনেল মেসির কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক মাধ্যমে আবারও নিজের ফুটবলপ্রেমের পরিচয় দিয়েছেন।

সম্প্রতি তিনি আর্জেন্টিনার প্রথম ম্যাচের জয় উদযাপন করে ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেছিলেন। সেখানে তিনি লেখেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”
এর কিছুদিন পর তিনি তার ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। ভিডিওতে পরীমণিকে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়, যেখানে সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে নিজের নাম ‘PORI’।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আর্জেন্টিনার ফুটবলারদের নিয়ে তৈরি একটি সংগীত চলতে থাকে। সেখানে লা স্ক্যালোনেটা দলের খেলোয়াড়দের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে পরীমণি তাদের মাঠের বিখ্যাত সেলিব্রেশন ও ভঙ্গি অনুকরণ করেন।
ভিডিওতে তাকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির সিগনেচার পোজসহ বিভিন্ন আর্জেন্টাইন ফুটবলারের উদযাপন অনুকরণ করতে দেখা যায়। পাশাপাশি ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফের্নান্দেজ, আলভারেজ ও গঞ্জালেজদের ভঙ্গিও তিনি তুলে ধরেন।
শেষদিকে আর্জেন্টিনা জার্সি পরে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন এই অভিনেত্রী। তার এই ভিন্নধর্মী ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভক্তদের অনেকেই ভিডিওটি নিয়ে প্রশংসা ও মজার মন্তব্য করেন। আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও নানা ধরনের প্রতিক্রিয়া জানান, যা পোস্টটিকে আরও আলোচনায় নিয়ে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



