‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’, ‘ডেথ অন দ্য নাইল’ এবং ‘কান্দাহার’-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিনেতা আলী ফজল ইতোমধ্যেই বিশ্বমঞ্চে নিজের অবস্থান শক্ত করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হলিউডে কাজের অভিজ্ঞতা ও সেখানে সফল হওয়ার পথ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

আলী ফজল জানান, আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে লজ্জা বা সংকোচ দূরে রেখে নির্ভয়ে অডিশনে অংশ নেওয়া অত্যন্ত জরুরি। তার ভাষায়, “হলিউডে কাজ করতে চাইলে অডিশনে কখনো দ্বিধা করা উচিত নয়।”
তিনি আরও বলেন, বড় কোনো এজেন্সির সঙ্গে যুক্ত না থাকলেও সুযোগ পাওয়া অসম্ভব নয়। বরং ভালো অডিশনের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারলে পরবর্তীতে বড় এজেন্সিগুলো নিজ থেকেই আগ্রহ দেখায়। তাই সফলতার প্রথম ধাপ হলো অডিশনে নিজের দক্ষতা তুলে ধরা।
হলিউডে কাজের অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে আলী ফজল ব্যস্ত রয়েছেন তার নতুন প্রজেক্ট ‘রাখ’-এর প্রচারণা নিয়ে। পরিচালক প্রসিত রায়ের এই ক্রাইম থ্রিলার সিরিজে এবারই প্রথম একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
অভিনেতা জানান, পুলিশের ইউনিফর্ম তার চরিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে শুটিংয়ের শুরুতে তিনি পুরোপুরি চরিত্রে ঢুকতে পারেননি, পরে ধীরে ধীরে নানা খুঁটিনাটি নিয়ে কাজ করে চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে গড়ে তোলেন।
এই সিরিজে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন আলী ফজল। তার মতে, শুটিংয়ের সময় সোনালির অভিনয় দক্ষতা তাকে বারবার মুগ্ধ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



