২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি এক মাসের কিছু বেশি সময়। তবে মাঠের লড়াই শুরুর অনেক আগে থেকে উত্তাপ ছড়াচ্ছে টিকিটের আকাশছোঁয়া দাম। খোদ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এবার সাধারণ ফুটবলপ্রেমীদের সুরে সুর মেলালেন। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র।

সেই ম্যাচের একটি টিকিটের দাম ধরা হয়েছে ১,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। টিকিটের এমন চড়া মূল্য শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প। জানিয়েছেন, এতো দামে তিনি নিজেও টিকিট ক্রয় করতেন না!
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ‘আমি (টিকিটের দামের) এই অংকের কথা জানতাম না। সত্যি বলতে, আমি সেখানে থাকতে অবশ্যই পছন্দ করব, তবে এর জন্য ১,০০০ ডলার আমি নিজেও দিতাম না।’ সাধারণত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম সব দলের জন্য একই থাকে। তবে এবারের চিত্র ভিন্ন। ফিফা এবার ‘পারসেপশন বেজড’ বা দলের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৩ই জুনের ম্যাচটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা, তাকেই পুঁজি করতে চাইছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শুধু তা-ই নয়, ফিফার নিজস্ব রিসেল বা পুনঃবিক্রয় প্ল্যাটফর্মেও টিকিটের দাম আকাশছোঁয়া। সম্প্রতি ফাইনালের গোলপোস্টের পেছনের একটি টিকিটের দাম হাঁকা হয় বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৫৯ লাখ টাকারও বেশি। তাতে রীতিমত শোরগোল পড়ে যায় ফুটবল বিশ্বে। প্রতিটি লেনদেন থেকে ফিফা ৩০ শতাংশ ফি কেটে নিচ্ছে, যার অর্ধেক দিতে হচ্ছে বিক্রেতাকে এবং বাকি অর্ধেক ক্রেতাকে। ফুটবলবোদ্ধারা ফিফার এই কৌশলকে ‘নিছক চাঁদাবাজি’ বলে আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নিজের রাজনৈতিক ঘাঁটি কুইন্স ও ব্রুকলিনের সাধারণ মানুষের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কুইন্স কিংবা ব্রুকলিনের মানুষ—যারা ডনাল্ড ট্রাম্পকে ভালোবাসে, তারা যদি গ্যালারিতে বসে খেলা দেখতে না পারে, তবে আমি অবশ্যই হতাশ হব। একইসঙ্গে, (আয়োজন হিসেবে) এটি একটি অভাবনীয় সাফল্য। আমি চাই আমার ভোটাররা যেন মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


