ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে তিন দিনব্যাপী শোক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে দেশটির সরকার। মঙ্গলবার (২ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি’র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে তেহরানের উপ-সিটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহকে উদ্ধৃত করে বলা হয়, রাজধানী তেহরান, ধর্মীয় শহর কোম এবং মাশহাদে এই শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি তেহরানে ২৪ ঘণ্টাব্যাপী একটি বিশেষ শোক কর্মসূচির প্রস্তুতি চলছে, যেখানে প্রায় ২ কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
**দাফনের স্থান ও সময়সূচি**
তেহরানের উপ-সিটি মেয়র জানান, আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে দাফন করা হবে। তবে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে তিনি বলেন, ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে, অর্থাৎ জুনের মাঝামাঝি সময়ে এই শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে।
ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। সেখানেই ইমাম রেজার মাজার এলাকায় তার পারিবারিক সমাধিস্থল রয়েছে।
খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যু নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক শোকের আয়োজন করা হয় এবং পূর্বে কয়েক দফা রাষ্ট্রীয় শেষকৃত্য আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে বিভিন্ন জটিলতা ও পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতির পর এবার তার জন্য তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের নতুন পরিকল্পনা প্রকাশ করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



