চলচ্চিত্র নির্মাণের আড়ালে ১৩ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। প্রতারণার মামলায় শনিবার তাকে আটক করে পুলিশ। এ ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন পূজা চেরী।

রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, বাবার গ্রেফতার ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি অসংখ্য ফোন ও বার্তা পাচ্ছেন। এ পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
পূজা চেরী বলেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি প্রায় ১০ থেকে ১২ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন এবং নিজের পরিশ্রমে ক্যারিয়ার ও জীবনযাত্রার ব্যয় নিজেই বহন করে আসছেন।
তিনি আরও উল্লেখ করেন, তার বাবার কোনো ব্যবসা বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এমনকি বর্তমানে তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউসের সঙ্গেও যুক্ত নন।
ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও সম্মানকে মূল্য দিয়েছেন। পরিবারের একজন সদস্যকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক হলেও এটি সম্পূর্ণ ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আইন নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে।
সবশেষে তিনি সবাইকে অনুরোধ করেন, এই সংবেদনশীল সময়ে যেন তাকে বা তার কাজকে এ ঘটনার সঙ্গে অযথা যুক্ত না করা হয়। একই সঙ্গে তিনি তার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


