বাগেরহাটের শরণখোলায় আকাশে হঠাৎ এক রহস্যময় আলোকরশ্মি দেখা দেওয়ায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে দক্ষিণ-পশ্চিম আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তীব্র গতির এক উজ্জ্বল আলোক রেখা দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোটি দেখতে সাধারণ নক্ষত্র বা বিমানের আলোর মতো ছিল না। এটি বেশ উজ্জ্বল ছিল এবং এর পেছনে লম্বা ধোঁয়ার মতো একটি লেজ দেখা যাচ্ছিল।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, ‘আচমকা আকাশের পশ্চিম দিক থেকে একটি বিশাল আলোক রেখা দক্ষিণ দিকে চলে যেতে দেখলাম। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, কিন্তু এর তীব্রতা ছিল দেখার মতো। উক্ত রহস্যময় আলোকরশ্মিটি জনমনে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি করেছে। অনেকের ধারণা চলমান ইসরায়েল ও ইরান যুদ্ধের কোনো মিসাইল আমাদের দেশে চলে এসেছে।’
শরণখোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম জানান, ‘২২ সালের দিকে দক্ষিণ-পশ্চিম আকাশে এ রকম একটি রহস্যময় আলোকরশ্মি দেখা গিয়াছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি উল্কাপাত অথবা মহাকাশে পাঠানো কোনো রকেটের ধ্বংসাবশেষের আলো হতে পারে।’
সম্প্রতি ইলন মাস্কের স্পেস-এক্স বা অন্য কোনো মহাকাশ গবেষণা সংস্থার রকেট উৎক্ষেপণের পর এমন ‘স্পেস জেলিফিশ’ দৃশ্য অনেক দেশেই দেখা গেছে। তবে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা গুজব ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ একে ইসরায়েল ও ইরান যুদ্ধের কোনো মিসাইল বা অলৌকিক কিছু বলে মনে করছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবহাওয়া বা মহাকাশ গবেষণা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিশ্চিত করলে এই আলোর প্রকৃত উৎস সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


