বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন পৌর শহরের উলিপুর এলাকার আবু রায়হান (২০) এবং শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম (২০)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদযাপন করতে একদল বন্ধু মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হান নিহত হন। পরে স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তামিম হোসেনের মৃত্যু হয়। বাকি চারজন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



