বরিশাল নগরীতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় এবায়দুল ইসলাম রাইয়ান (২২) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতের শেষ প্রহরে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকার সোনামদ্দিন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাইয়ান বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাগরদী এলাকার বাসিন্দা এবং মৃত মাহবুব রহমান সিকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি মেয়ের সঙ্গে রাইয়ানের প্রেমের সম্পর্ক ছিল। তবে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্বজনদের দাবি।
রাইয়ানের চাচা বাবুল খাঁ জানান, ঘটনার রাতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রাইয়ান। একপর্যায়ে ভিডিও কল চালু রেখেই তিনি নিজের কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি দেখতে পেয়ে মেয়েটি তার বন্ধুদের খবর দেয়।
খবর পেয়ে বন্ধুরা দ্রুত রাইয়ানের বাসায় ছুটে যান এবং দরজায় ধাক্কাধাক্কি করেন। তবে তার মা অসুস্থ থাকায় ও ঘুমের ওষুধ সেবন করে গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিকভাবে সাড়া পাননি। পরে রাত পৌনে ৪টার দিকে তিনি জেগে ওঠার পর দরজা খোলা হয়।
এরপর রাইয়ানকে উদ্ধার করে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



