রাজধানীর বাসাবো এলাকায় কুকুরের ধাওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ জহির (৩২) কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইব্রাহিমের ছেলে। তিনি খিলগাঁও-বাসাবো এলাকায় বসবাস করতেন।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন জুয়েল জানান, শুক্রবার বিকেলে বাসাবো এলাকায় রিকশা চালানোর সময় ৩-৪টি কুকুর তাকে ধাওয়া করে। এ সময় দ্রুত গতিতে রিকশা চালাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



