অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, হলিউড সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর তিনি আবারও নিজের আত্মবিশ্বাস ও স্বাভাবিক মানসিক অবস্থায় ফিরতে শুরু করেছেন।

সম্প্রতি বিনোদনভিত্তিক মাধ্যম ‘ভ্যারাইটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৫২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, গত কয়েক বছরে তিনি নিজের ভেতরের লড়াকু মানসিকতা কিছুটা হারিয়ে ফেলেছিলেন, তবে এখন তা আবার ফিরে এসেছে।
তিনি জানান, দীর্ঘ আইনি লড়াই, পারিবারিক টানাপোড়েন এবং ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। এই কঠিন সময় পার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার সন্তানরা।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো, নক্স ও ভিভিয়েন এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। জোলির ভাষ্য অনুযায়ী, সন্তানরাই তাকে ঘর থেকে বের হতে, ভ্রমণ করতে এবং নিজের জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে উৎসাহ দিচ্ছে।
বিচ্ছেদের আগের সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, তখন তিনি অভিনয় থেকে দূরে সরে গিয়ে বেশি সময় পরিচালনা ও মানবিক কাজের দিকে মনোযোগ দিচ্ছিলেন। তবে বিচ্ছেদের পর আর্থিক ও পারিবারিক বাস্তবতার কারণে তিনি আবারও অভিনয়ে সক্রিয় হন।
দীর্ঘ আট বছরের আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বহুল আলোচিত বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর থেকে সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে গেছে বলে বিভিন্ন সূত্রের দাবি।
এদিকে সন্তানদের মধ্যে কয়েকজন নিজেদের নাম থেকে ‘পিট’ পদবি বাদ দিয়েছেন—এ বিষয়টি ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্র্যাড পিটের ঘনিষ্ঠরা এ ঘটনায় তাকে মানসিকভাবে প্রভাবিত হওয়ার কথা বললেও তিনি এখনো আশাবাদী বলে জানা গেছে।
অন্যদিকে অ্যাঞ্জেলিনা জোলির পক্ষের সূত্রগুলো দাবি করেছে, সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক এবং নিজেদের অভিজ্ঞতা ও সিদ্ধান্ত অনুযায়ীই বাবার সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।
সূত্র: ভ্যারাইটি, পেজ সিক্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



