বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে ঈদ উপলক্ষে ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

নতুন নির্দেশনার মাধ্যমে পূর্বের সেই সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। তবে এ নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোকে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “শপিং মল বন্ধ থাকলেও সিনেমা হল খোলা থাকবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ফলে ঈদের সিনেমা উপভোগে দর্শকদের কোনো অসুবিধা হবে না।”
এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানান, ঈদের আগেই তারা তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন যাতে সিনেমা হল ও সিনেপ্লেক্স এই সময়সূচির বাইরে রাখা হয়। মন্ত্রণালয় তাদের আবেদন অনুমোদন করেছে। ফলে শপিং মলের সঙ্গে যুক্ত সিনেমা হলগুলোও স্বাভাবিকভাবে চালু থাকবে এবং দর্শকরা নির্বিঘ্নে সিনেমা দেখতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



