দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শৈশবের বান্ধবীর সঙ্গে খুবই ঘরোয়া পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। উত্তরাখণ্ডে আয়োজন করা এই বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এখনো জুবিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বিয়ের পোশাকে জুবিনকে দেখা গেলেও কনের পরিচয় প্রকাশ করা হয়নি।
উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম নেওয়া জুবিন ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। যদিও তিনি বিজয়ী হতে পারেননি, কিন্তু তার কণ্ঠের জাদু তাকে দ্রুত বলিউডে পরিচিত করে তোলে। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে তিনি প্লেব্যাক জগতে যাত্রা শুরু করেন।
এরপর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
বর্তমানে তার গাওয়া ২০০টিরও বেশি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘তুম হি আনা’, ‘লুট গয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’ এবং ‘শেরশাহ’ সিনেমার ‘রাতান লম্বিয়াঁ’ শ্রোতাদের মাঝে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


