বিয়ের পর জীবনের নতুন অধ্যায় নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভালোবেসে উপস্থাপক রাফসান সাবাবকে বিয়ে করার ৫৪ দিন পার হলেও এতদিন ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু বলেননি তিনি। তবে এবার জানালেন, জীবনের এই নতুন সময়টা তিনি বেশ আনন্দের সঙ্গেই উপভোগ করছেন।

জেফার রহমান বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের নতুন এই অধ্যায়টা খুব ভালো লাগছে। তিনি জানান, নিজের কাজের প্রতি সবসময়ই তিনি খুব মনোযোগী ও নিবেদিত। তাই এমন একজন সঙ্গী তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, যিনি তাকে বুঝবেন এবং সমর্থন করবেন। তার ভাষায়, তার জীবনসঙ্গী সেই জায়গাটি সম্মান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে দারুণভাবে সহযোগিতা করেন।
বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে জেফার বলেন, অনেকটা হঠাৎ করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের জীবনের একটি বড় পদক্ষেপ। তিনি মনে করেন, তারা সৌভাগ্যবান যে পরিবার ও বন্ধুদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে তারা নতুন জীবনের শুরু করতে পেরেছেন।
তিনি আরও জানান, খুব ঘনিষ্ঠ মানুষদের নিয়েই ছোট পরিসরে বিয়ের আয়োজন করতে চেয়েছিলেন তারা। তাই সীমিত পরিসরেই অনুষ্ঠান সম্পন্ন করেন। তার মতে, বিয়ের প্রতিটি মুহূর্ত তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রতিটি আয়োজনে তারা দারুণ সময় কাটিয়েছেন।
বিয়ের পর জীবনে কী পরিবর্তন এসেছে—এ প্রশ্নে জেফার বলেন, অনেক কিছুই বদলে গেছে। আগে তিনি একাই সব কাজ সামলাতেন, এখন পাশে একজন সঙ্গী আছেন। তিনি শুধু জীবনের সঙ্গীই নন, কাজের ক্ষেত্রেও একজন সহযোগী। এতে জীবন অনেক সহজ মনে হচ্ছে বলে জানান তিনি।
জেফার বলেন, তারা দুজনই একে অপরকে সমর্থন করেন এবং পার্থক্যগুলোকে সম্মান করেন। অবসর সময়ে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই তাদের ভালো লাগে।
কাজের প্রসঙ্গে তিনি জানান, গত বছর তিনি কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেছেন। এর মধ্যে রয়েছে তাণ্ডব, দাগী এবং ইনসাফ। সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছিল। যদিও নিয়মিত প্লেব্যাক করেন না, তবু গত বছর কিছু কাজ করেছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এখন নিজের জন্য কিছু একক কাজের পরিকল্পনা করছেন। সংগীতের পাশাপাশি স্টেজ শো এবং বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন। নতুন জীবনের কারণে কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন, তবে এখন আবার নিয়মিত কাজে ফিরেছেন।
অভিনয় প্রসঙ্গে জেফার জানান, নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। দুজনেই মূলত সংগীতশিল্পী হলেও এই প্রজেক্টে একসঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে কাজটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে এবং শিগগিরই এটি দর্শকদের সামনে আসবে বলে আশা করছেন তিনি।
কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে জেফার বলেন, দুটি বিষয়ই একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ব্যক্তিগত জীবন ভালো না থাকলে তার প্রভাব কাজের ওপর পড়ে, আবার কাজ ঠিকমতো না হলে ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়ে।
তিনি বলেন, তাই দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। তার পরিবার যেমন সাপোর্টিভ, তেমনি তার স্বামীও তাকে সবসময় উৎসাহ দেন। যেহেতু তারা দুজনই একে অপরের কাজ বোঝেন, তাই ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে ভালো সমন্বয় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


