গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক তরুণীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে তিনি কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামে প্রেমিক সজল বালার বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সজল বালা ডহরপাড়া গ্রামের শীতল বালার ছেলে এবং তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একজন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক। অপরদিকে ওই তরুণী পেশায় একজন নার্স।
তরুণীর দাবি, প্রায় ছয় মাস আগে একটি ক্লিনিকে কাজের সূত্রে সজলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, সজল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে বিয়ের বিষয়টি সামনে আনলে সজলের পরিবার আপত্তি জানায় এবং সম্পর্ক থেকে সরে দাঁড়ায়।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলেও অভিযুক্ত পক্ষ উপস্থিত না হওয়ায় পুলিশ তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। এরপরও বিয়ের দাবি পূরণ না হওয়ায় শনিবার সকালে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন।
এদিকে অভিযুক্তের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। সজলের মা অঞ্জনা বালার দাবি, এটি একটি ষড়যন্ত্র এবং তাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। তিনি বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলেন।
অন্যদিকে কোটালীপাড়া থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি সম্পর্কে মৌখিক অভিযোগ আগে পাওয়া গেলেও এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


