বিরোধী দল জুলাই সনদ নিয়ে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। অথচ, প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বলেছেন, জুলাই সনদের যতগুলো কথা আছে, যতগুলো অক্ষর আছে—আমরা প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন করব। রোববার (১২ এপ্রিল) রাতে পঞ্চগড় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের পৌনে ১৩ কোটি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘদিন পরে যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে, সে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের দল বিএনপি। নির্বাচনে ৫১ শতাংশের বেশি জনগণের সরাসরি সমর্থনকে ধারণ করে আমরা ইশতেহারগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। পহেলা বৈশাখে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় সব কৃষককে কার্ডের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি, স্বল্পমূল্যে বীজ, সার ও কীটনাশকসহ কৃষি যন্ত্রাংশ কৃষকদের মাঝে সরবরাহ করে দেশের কৃষি অর্থ বাণিজ্যের নতুন দিগন্ত সৃষ্টি করাই এই সরকারের মহাপরিকল্পনা। দেশের অবহেলিত জনপদের কৃষিপণ্যের মূল্য চাষিরা যেন পায়, সে জন্য রংপুর অঞ্চলে অর্থনৈতিক জোন স্থাপন করে কৃষিবিপ্লব ক্ষেত্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিত্যক্ত খাল-জলাশয় খনন করে মাছ চাষসহ সেচ সুবিধার আওতায় আনা হচ্ছে অনাবাদি জমি। বেকারত্ব দূর করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় ও মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রামসরকারবিষয়ক সম্পাদক বেলাল হোসেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


