যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির কারণে সরবরাহ শৃঙ্খল নিয়ে উদ্বেগ বাড়ায় আজ সোমবার (২৯ জুন) তেলের বাজারে এই প্রবণতা দেখা যায়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার ফলে কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কিছুটা মন্থর হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে।
আন্তর্জাতিক বাজারে সোমবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেলের মূল্য ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭০ ডলার ১১ সেন্টে পৌঁছেছে।
অথচ গত ফেব্রুয়ারির শেষভাগে শুরু হওয়া ইরান যুদ্ধের পর গত সপ্তাহে এই প্রথম হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ সর্বোচ্চ স্তরে পৌঁছানোর কারণে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছিল।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, তেলের বাজার এখনো উচ্চ ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আইএনজি-র বিশ্লেষকদের মতে, বাজারে বর্তমানে কিছুটা আত্মতুষ্টি দেখা গেলেও সরবরাহ ব্যাহত হলে তেলের দাম দ্রুত আরও বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



