ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদের জীবনে আনন্দের পরিবর্তে গভীর শোক ও বেদনার স্মৃতি নিয়ে এসেছে। লিভারজনিত জটিলতায় সম্প্রতি প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে হারানোর কষ্ট এখনও বহন করছেন তিনি।

বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরুর দিনে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে মেয়েকে স্মরণ করে কায়সার হামিদ লেখেন, “কারিনা, এই বিশ্বকাপে আমি সত্যিই তোমাকে ভীষণ মিস করবো।”
তিনি আরও লেখেন, “মামনি, তোমার সঙ্গে আর খেলা দেখা হবে না। ফুটবল ও ক্রিকেটসহ নানা খেলা একসঙ্গে দেখার সেই মুহূর্তগুলো এখন শুধু স্মৃতি হয়ে আছে, যা মনে পড়লেই হৃদয় ভারী হয়ে ওঠে।”
সাবেক এই ফুটবলার জানান, বিশ্বকাপের মতো আনন্দঘন আসর এখন তার কাছে শূন্যতা ও কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, কারণ যাঁর সঙ্গে তিনি প্রতিটি খেলার উত্তেজনা ভাগ করে নিতেন, তিনি আজ আর পাশে নেই।
তবে আবেগঘন পোস্টে তিনি এটাও উল্লেখ করেন যে, কারিনা সবসময় তার হৃদয়ের সঙ্গে আছেন এবং থাকবেন আজীবন।
কারিনা কায়সারের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তাকে স্মরণ করে আসছেন কায়সার হামিদ। কখনও শৈশবের ছবি, কখনও মেয়ের হাসিমুখের স্মৃতি তুলে ধরে তিনি আবেগঘন বার্তা দিচ্ছেন।
এদিকে প্রয়াত এই কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রীকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তাদের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চরকি কার্নিভাল’-এ কারিনাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানো হবে।
চরকির সিইও রেদওয়ান রনি জানান, কারিনার কাজ তাকে প্রতিযোগিতার ঊর্ধ্বে নিয়ে গেছে, তাই তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে বিশেষভাবে স্মরণ করা হবে। এছাড়া চলমান চরকি অ্যাওয়ার্ডসেও তাকে প্রতিযোগিতা থেকে আলাদা রেখে সম্মান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



