বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাঁর জন্ম থেকেই দেশের উন্নয়ন ও সেবার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ বিশ্বাসের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে, ইনশাআল্লাহ। সরকার গঠন হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনি শেষ জনসভায় তিনি কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।
মন্ত্রী থাকাকালীন সময়ে চকরিয়া-পেকুয়ার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যে সব সেতু নির্মাণ করেছি, তা গণনা করতে আমার প্রতিদ্বন্দ্বীর সাত দিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোকে মহাসড়কে রূপান্তর করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি দেশের স্বাধীনতার পক্ষে সবসময় শক্ত অবস্থানে থেকেছে। যখনই গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, বিএনপি তা রক্ষা করেছে। তাই দেশের স্বার্থে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
এসময় তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


