দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই। দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান। তিনি বলেন, “স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মঞ্চসারথি আতাউর রহমান আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।”
গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশান-এর একটি হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ সুবিধা না পাওয়ায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তা খুলে দেওয়া হয়। কিন্তু আবার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার পুনরায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পথিকৃৎ। একাধারে অভিনেতা, নাট্যকার, মঞ্চনির্দেশক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন।
মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক অর্জন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


