বলিউডের ভার্সেটাইল অভিনেতা পীযূষ মিশ্রা। তার উপন্যাসধর্মী স্মৃতিকথা ‘তুমহারি আকাত কেয়া হ্যায়, পীযূষ মিশ্রা’ বইয়ে বিবাহিত জীবনের নানা টানাপড়েন, বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা অকপটে উল্লেখ করেছেন।

কয়েক দিন আগে শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যক্তি জীবনের গোপন কথা খোলামেলাভাবে ভাগ করে নিয়েছেন পীযূষ মিশ্রা। বিয়ের প্রথম দিকে ভালো স্বামী ছিলেন না বলেও স্বীকার করেন এই তারকা অভিনেতা।
পীযূষ মিশ্রা বলেন, “আমি এখন একজন ভালো স্বামী, আগে ছিলাম না। আমি আগে একেবারেই দায়িত্বশীল ছিলাম না, আর বিয়ে খুব বড় একটি দায়িত্ব। ২০ বছর বয়সে প্রেমে পড়লে সেখানে কোনো যুক্তি থাকে না—সেটাই তার সৌন্দর্য। পঁয়ত্রিশের পর আপনি সেই মানুষটিকেই ভালোবাসেন, যে আপনার সঙ্গে বার্ধক্যে পৌঁছাতে প্রস্তুত। ভালোবাসা তখন সেই নারীকে দিয়ে সংজ্ঞায়িত হয়, যে আপনার সঙ্গে বুড়ো হতে রাজি; আর সে আমাকে গ্রহণ করেছিল।”
প্রিয়া নারায়াণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পীযূষ মিশ্রা। প্রিয়া যে তার স্ত্রী—এটা উপলদ্ধি করতেই ১৫ বছর লেগেছে। এ তথ্য স্মরণ করে পীযূষ মিশ্রা বলেন, “আমি একজন স্বামী, তা বুঝতে অনেক দেরি হয়েছে। সে আমার স্ত্রী—এটা উপলদ্ধি করতে প্রায় ১০-১৫ বছর লেগেছে। তার আগে সে এমন একজন নারী ছিল, যে আমার সন্তানদের জন্ম দিয়েছে, রান্না করত, বাড়ি সামলাত। এর বাইরে আমার কোনো অনুভূতি ছিল না। আমি খুবই নীরস প্রকৃতির মানুষ ছিলাম। এটা শুধু প্রিয়ার ক্ষেত্রেই নয়, সবকিছুতেই।”
ভালোবেসে বিয়ে করার পরও পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন পীযূষ। আর পরকীয়ার মতো সংবেদনশীল বিষয়ও স্ত্রীর কাছে দীর্ঘ দিন লুকিয়ে রেখেছিলেন। একসময় সত্য গোপন রাখা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেন স্ত্রীকে, আর সেই স্বীকারোক্তির মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েছিলেন পীযূষ।
সেই ঘটনা বর্ণনা করে পীযূষ বলেন, “নিজের ভুলগুলো বুঝতে পেরে, একদিন তাকে বসিয়ে সবকিছু বলে দিই। সেদিন আমরা দুজনেই কেঁদেছিলাম, একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। তারপর আমাদের অনেক হালকা লাগছিল। সে বলেছিল, ‘তুমি ভুল করেছ, আমিও করেছি, তবে তুমি বেশি, আমি কম। চল, এখানেই এসব শেষ করি।’ এরপর আমাদের বোঝাপড়া আরো দৃঢ় হয়।”
প্রিয়া তার পরিবারের বিরুদ্ধে গিয়ে পীযূষকে বিয়ে করেন। স্ত্রীর ত্যাগের কথা উল্লেখ করে পীযূষ বলেন, “সে আমাকে ভালোবাসে। আমার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছিল এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করেছিল। সে অনেক ত্যাগ স্বীকার করেছে। সে বলেছিল, ‘আমি কোনো অবস্থাতেই তোমাকে ডিভোর্স দেব না, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়ব না।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নিজেকে ভাগ্যবান দাবি করে পীযূষ বলেন, “প্রিয়া আমার সঙ্গে থেকেছে। আমি আজ সেটা বুঝি। এই সম্পর্কটা টিকিয়ে রাখার কৃতিত্ব পুরোপুরি তার। আমি সত্যিই ভাগ্যবান।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


