আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা-কে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও জাপার নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই সমর্থন ঘোষণা করা হয়।

জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, “জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির কারণে নির্বাচনে অংশ নিতে পারলেন না।
সেই সুযোগে জাতীয় পার্টি রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং প্রতিদান জানানোর সুযোগ কাজে লাগাচ্ছে। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে জাতীয় পার্টির সব নেতা রুমিন ফারহানার পক্ষে কাজ করবেন।”
তিনি আরও যোগ করেন, “৫ আগস্টের পর জাতীয় পার্টির ওপর একদল লোক বারবার অগ্নিসংযোগ করেছে। প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন রুমিন ফারহানা। তিনি স্পষ্ট জানিয়েছেন, কারও বাড়ি বা অফিসে আগুন দেওয়া অন্যায়।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠার পরও তিনি বলেছেন, রাজনীতি করা নাগরিক অধিকার এবং কোনো নাগরিকের অধিকার হরণ করা যায় না। জাতীয় পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যাবে না—রুমিন ফারহানা ছিলেন এই প্রতিবাদের কেন্দ্রবিন্দু।”
সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, “জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। এই পরিস্থিতিতে তারা দলগতভাবে আমাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
জাপাতে যোগ দেবেন কি না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। প্রথমে আমাকে নির্বাচন করতে হবে, জয়ী হতে হবে। আমাদের লক্ষ্য ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেন সুষ্ঠু ও নিরাপদ হয়।
ভোটাররা যেন ভয়, হুমকি বা কালো টাকার কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়। ভোট যেন সঠিকভাবে গণনা হয়, সেটিই আমাদের প্রধান চ্যালেঞ্জ। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


