মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শিশু ধর্ষণ মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে মানিকগঞ্জের শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী এলাকার সোহরাব হাজীর ছেলে। মামলার পর নিজেকে আড়াল করতে তিনি দেশের একটি জনপ্রিয় জাতীয় দৈনিকের সাটুরিয়া প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন বলে জানা গেছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় সাটুরিয়া বাজারে হোটেল ব্যবসায়ী এক দম্পতির সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কন্যাকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন হাবিবুর রহমান হাবিব। ঘটনার সময় শিশুটির বাবা-মা হোটেলে কর্মব্যস্ত ছিলেন। পরে শিশুটির মা বাদী হয়ে সাটুরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুল হক বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, “মামলার বাদী, অর্থাৎ আমার স্ত্রী, কিছুদিন আগে মারা গেছেন। দুঃখের বিষয়, তিনি জীবিত থাকতে এ রায় দেখে যেতে পারেননি। আসামীর ফাঁসির রায় হলে আরও খুশি হতাম। তবে আদালত যে রায় দিয়েছেন, তাতেও আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতেও এ রায় বহাল থাকলে আমরা আরও স্বস্তি পাব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



