যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতির মধ্যেই ইরানের বুশেহরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।

বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানানো হয়েছে। বুশেহর উপকূলীয় একটি অঞ্চল, যেখানে এর আগেও ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছিল।
বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেন, “আজ রাতে ঘটে যাওয়া ঘটনাটি একটি শত্রু ড্রোন ধ্বংসের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
এর আগে ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানানো হয়। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী রাতের বেলা ইরানে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়, যেটিকে ওয়াশিংটন তাদের বাহিনী ও আঞ্চলিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা বৃহস্পতিবার সকালে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এটি বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাবে নেওয়া প্রতিশোধমূলক পদক্ষেপ।
সূত্র: সিনহুয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



