দিনাজপুরের নবাবগঞ্জে হারভেস্টার মেশিন ভাড়া সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এক পর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতাকে মারধর করে গ্রামবাসী আটক করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দুইজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে উপজেলার বড় তেঁতুলিয়া গ্রামে বোরো ধান কাটা ও মাড়াইয়ের জন্য আনা হারভেস্টার মেশিনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক ডেভিড হিমাদ্রি বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মন্ত্রীর দেহরক্ষী মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির শাহী, শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা আলমগীর হোসেন ও হুমায়ুন কবিরসহ কয়েকজন।
অভিযোগ অনুযায়ী, হারভেস্টার ভাড়া নিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে প্রথমে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো এবং জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগও ওঠে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে গ্রামবাসীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়। পরে স্থানীয়রা ছাত্রদল নেতাদের আটক করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নেয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জড়িত থাকার অভিযোগে দুইজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



