চাঁদপুরে জাম পাড়াকে কেন্দ্র করে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের যমুনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন (১৪) ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। বাঁশের লাঠির আঘাতে তাকে হত্যার অভিযোগ উঠেছে মুসা প্রধানিয়া (১৭) নামের আরেক কিশোরের বিরুদ্ধে। মুসা একই এলাকার প্রধানিয়া বাড়ির সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
স্থানীয়দের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার মো. মেহেদী হাসানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মেহেদীকে মুসা মারধর করে। ওই সময় ইয়াছিন এগিয়ে এসে মারধরের কারণ জানতে চাইলে তাকে মুসা হাতে থাকা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই ইয়াছিন লুটিয়ে পড়লে মুসা আরও কয়েকটি আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, “মূলত আমার ছেলের সঙ্গে মুসার বিবাদ হয়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।”
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছি। মূলত জাম পাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জড়িত সবাই কিশোর। ইয়াছিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



