চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঁশের লাঠির আঘাতে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বিচার দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত কিশোর মুসা প্রধানিয়া একই এলাকার সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্বজনদের অভিযোগ, সোমবার (২ জুন) সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে মুসা প্রধানিয়া ও একই এলাকার শাহজাহান মালের ছেলে মো. মেহেদী হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুসা মেহেদীকে মারধর শুরু করে। এ সময় ইয়াছিন ঘটনাস্থলে এগিয়ে এসে মারধরের কারণ জানতে চাইলে মুসা তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, কিশোর হত্যার বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, অভিযোগ থাকলে থানায় মামলা করতে হবে। মরদেহ দাফনের পর পরিবার থানায় আসতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



