ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং নির্বাচনি উপকরণের সুরক্ষায় সর্বদা প্রস্তুত অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক সোমবার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম অঞ্চলে একমাত্র ‘স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।

এর আগে মহাপরিচালক বিভিন্ন নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলার অবস্থা পরিদর্শন করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী প্রায় ৩,৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
মহাপরিচালক আরও জানান, এই প্লাটুনগুলো স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী এবং নদীবেষ্টিত ভোলা জেলার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো সহিংসতা, নাশকতা বা আইনশৃঙ্খলার অবনতি রোধে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত অবস্থানে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


