মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে বিমানটি ভূপাতিত হওয়ার পর ঘটনাস্থলের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী ও নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছে মার্কিন বিমানবাহিনী।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘাঁটির রানওয়ে বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত অবতরণকারী বিমানগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হচ্ছে এবং দর্শনার্থীদের জন্য পাস ইস্যুও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে এটি মার্কিন বিমানবাহিনীর বহরে রয়েছে। বিশাল আকারের এই বিমানটি ‘দ্য বাফ’ (The BUFF) নামেও পরিচিত, যার অর্থ ‘বিগ আগলি ফ্যাট ফেলো’।
বিমানটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং প্রায় ৭০ হাজার পাউন্ড পর্যন্ত সমরাস্ত্র বহন করতে পারে। এতে শত শত সাধারণ বোমার পাশাপাশি ৩২টি পর্যন্ত পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে।
সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচজন ক্রু দায়িত্ব পালন করেন। তারা হলেন—কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।
দুর্ঘটনার পর মার্কিন কংগ্রেস সদস্য Jay Obernolte সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিমানটির ক্রু সদস্য, তাদের পরিবার এবং উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য প্রার্থনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



