সংসারের কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে হাত শক্ত করে ধরে রাখাই প্রকৃত ভালোবাসা। বাস্তব জীবনে সেই ভালোবাসার এক অনন্য উদাহরণ ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। পর্দায় শক্তিশালী অভিনেতা হলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন নিবেদিত ‘ফ্যামিলি ম্যান’। ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরও স্ত্রী সুতপার প্রতি দায়িত্ব ও ভালোবাসায় কোনো কমতি রাখেননি এই কিংবদন্তি।

সম্প্রতি ইরফানের ছেলে বাবিল খান তার বাবার জীবনের এক আবেগঘন ও অজানা স্মৃতি সামনে এনেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বাবিল জানান, ক্যানসারের তীব্র যন্ত্রণা নিয়েও ইরফান স্ত্রী সুতপার প্রতি যত্নশীল ছিলেন। অসুস্থতার দিনগুলোতে সুতপা সারাক্ষণ হাসপাতাল ও কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে ও দৌড়ঝাঁপ করার কারণে তার পায়ে কড়া পড়ে যায়।
নিজের শারীরিক কষ্টের চেয়েও স্ত্রীর এই কষ্ট ইরফানকে বেশি ব্যথিত করত। বাবার স্মৃতিচারণে বাবিল লেখেন, “মায়ের পায়ে কড়া পড়ে গিয়েছিল চিকিৎসা ও দৌড়ঝাঁপের কারণে। তখন বাবা নিজের মাথায় মোবাইল ফোন বেঁধে আলো তৈরি করে মায়ের পায়ের যত্ন নিতেন।”
বাবিল আরও বলেন, এইভাবেই তার বাবা-মা ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে একে অপরকে আগলে রাখতেন, এমনকি কঠিনতম সময়েও।
এই আবেগঘন স্মৃতি শেয়ার করার পর সুতপা সিকদারও মন্তব্যে লেখেন, “আমার আদরের বাবিল।”
উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে ইরফান খানের শরীরে নিউরোএন্ডোক্রাইন ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর ২০২০ সালের ২৯ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


