রাজধানীর রামপুরায় পুলিশের চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মীর মো. মোশারফ খান (৪০)।
শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেটের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনক আচরণের কারণে মোশারফকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও মালামাল তল্লাশি করে ৩৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে ১১টি ব্যাক পার্টবিহীন মোবাইল ফোন এবং ২১টি ডিসপ্লেবিহীন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ স্বীকার করেছেন, তিনি গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।
পুলিশের দাবি, এর আগেও তিনি একই কৌশলে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার পর রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চোরাই চক্রের অন্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



