ভারতের মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে তীব্র গরমে একটি বানরের দুর্ভোগের হৃদয়বিদারক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পানির তীব্র তৃষ্ণায় একটি বানর চলন্ত বাস থামিয়ে দেয় এমন একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইয়াভতমাল জেলার পুসাদের কাছে খান্ডালা ঘাট এলাকায়। ওয়াশিম থেকে পুসাদগামী মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (এমএসআরটিসি) একটি বাস বনাঞ্চল অতিক্রম করার সময় হঠাৎ একটি বানর রাস্তায় এসে বাসের সামনে দাঁড়িয়ে পড়ে। এতে চালক বাস থামাতে বাধ্য হন।
প্রথমে চালক ও যাত্রীরা বানরটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রাণীটি সেখান থেকে না সরে বাসের কাছেই দাঁড়িয়ে থাকে। পরে যাত্রীরা বুঝতে পারেন, প্রচণ্ড গরমে বানরটি পানিশূন্যতায় ভুগছে। তখন কয়েকজন যাত্রী নিজেদের পানির বোতল থেকে তাকে পানি পান করান।
পানি পেয়ে বানরটি সঙ্গে সঙ্গে পান করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের বন থেকে আরও কয়েকটি বানর বেরিয়ে এসে বাসের চারপাশে জড়ো হয়। তৃষ্ণার্ত প্রাণীগুলোকে অল্প কিছু পানির জন্য ব্যাকুলভাবে ছুটে আসতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা।
যাত্রী লতা শ্রীবাস ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বহু মানুষ একে হৃদয়বিদারক বলে মন্তব্য করেন। অনেকেই এটিকে ভয়াবহ তাপপ্রবাহ ও পানি সংকটের সংকেত হিসেবেও উল্লেখ করেছেন।
ঘটনার পর মহারাষ্ট্রের খরাপ্রবণ বিদর্ভ অঞ্চলে বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ গ্রীষ্মকালে কৃত্রিম জলাধার ও পানির ট্যাংকের ব্যবস্থা করলেও বাস্তবে অনেক এলাকায় বন্যপ্রাণীরা পর্যাপ্ত পানি পাচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন, এটি সত্যিই হৃদয়বিদারক। এ বছরের গরম অত্যন্ত ভয়াবহ। মানুষ যেমন কষ্ট পাচ্ছে, তেমনি প্রাণীদের এমন কষ্ট দেখা আরও বেদনাদায়ক।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আরেকজন মন্তব্য করেন, প্রকৃতিও যেন এই তাপপ্রবাহে অসহায় হয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



