এক সময়ের জনপ্রিয় অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (১৭ মার্চ) মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা দীর্ঘ সময় ধরে একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। ২০১৬ সালের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। সর্বশেষ তাকে দেখা যায় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ–এর যৌথ পরিচালনায় নির্মিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়।
টেলিভিশন নাটকে ‘অহংকার’, ‘অনুরাগ’, ‘যদি ভালোবাসো’, ‘এইতো আমাদের বাড়ি’, ‘রাতের অতিথি’, ‘অতন্দ্র প্রহর’, ‘খোঁজ’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন শামস সুমন। তৎকালীন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টিভিতে আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘বন্ধন’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
চলচ্চিত্রে তৌকীর আহমেদ–এর ‘জয়যাত্রা’, বাদল খন্দকার–এর ‘বিদ্রোহী পদ্মা’, খালিদ মাহমুদ মিঠু–এর ‘জোনাকির আলো’, নায়করাজ রাজ্জাক–এর ‘আয়না কাহিনি’, গিতালি হাসান–এর ‘প্রিয়া তুমি সুখী হও’, পি এ কাজল–এর ‘চোখের দেখা’ এবং মুশফিকুর রহমান গুলজার–এর ‘মন জানে না মনের ঠিকানা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
সর্বশেষ ‘মিশন এক্সট্রিম’ ছবিতে একটি ছোট চরিত্রে তাকে দেখা যায়। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শামস সুমন।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


