মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তার মতে, ইরানের নেতৃত্ব নিজেদের অবস্থানে অনড় থাকায় আলোচনা এগিয়ে নিতে সময় লাগছে।

শুক্রবার উইসকনসিনে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে সংঘাতমুখী অবস্থানে রয়েছে। ফলে তারা সহজে কোনো ছাড় দিতে রাজি হচ্ছে না। তবে শেষ পর্যন্ত বাস্তব পরিস্থিতির চাপেই তাদের আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কয়েক মাস ধরে চলছে। এপ্রিল মাসে যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কয়েক দফা বাড়ানোর পরও সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর কাছে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আবারও জটিল হয়েছে।
যুদ্ধ দ্রুত শেষ না হওয়ার সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, দীর্ঘদিনের বিরোধ রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এ ধরনের সংকট নিরসনে সময় প্রয়োজন।
তিনি আরও দাবি করেন, সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, ড্রোন উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিভিন্ন সামরিক স্থাপনা অনেকাংশে ধ্বংস বা অকার্যকর হয়ে পড়েছে। তবে ইরানের কাছে এখনো কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে বলেও তিনি স্বীকার করেন।
এদিকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে বহাল নাও থাকতে পারে। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে—চুক্তির পথে এগোবে নাকি বিকল্প পথ বেছে নেবে, যা তার মতে অনুকূল নাও হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



