হাস্যোজ্জ্বল ও প্রাণচঞ্চল স্বভাবের জন্য পরিচিত কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুরুতে জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে হেপাটাইটিস এ ও ই-এর জটিলতায় তার লিভার বিকল হয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারিনার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, রবিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ দেশে আনা হবে।
বিমানবন্দরে পৌঁছানোর পর মরদেহ বনানী ডিওএইচএসে নেওয়া হবে। সেখানে কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে এশার আগে বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা এবং সোমবার বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামে তাকে দাফন করা হবে।
১৯৯৪ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন কারিনা কায়সার। কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও তিনি সক্রিয় ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



