দীর্ঘ তিন দশক ধরে শ্রোতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধাঁচের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। উৎসব-আয়োজন, নতুন গান প্রকাশ, মিউজিক ভিডিও শুটিং এবং দেশ-বিদেশে স্টেজ শো—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটে এই গায়কের। ঈদের সময় সেই ব্যস্ততা আরও বেড়ে যায় বলে জানান তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে ঈদকেন্দ্রিক ব্যস্ততা নিয়ে কথা বলেন মনির খান। আলাপচারিতায় তিনি ছোটবেলার ঈদের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ছোটবেলার ঈদের আনন্দ ছিল একেবারেই ভিন্ন। তখন পরিবারের সঙ্গে ঈদের নামাজ পড়া, দুপুরে মায়ের হাতে রান্না করা খাবার একসঙ্গে খাওয়া এবং বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা ও ঘোরাঘুরি—সব মিলিয়ে দিনটি আনন্দে কাটত।
কোরবানির ঈদ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ছোটবেলায় তিনি কোরবানির পশু জবাই দেখতেন, যা তখন তার কাছে স্বাভাবিকভাবেই আগ্রহের বিষয় ছিল।
তিনি আরও বলেন, এখন সময় বদলেছে। এখন তিনি নিজেই কোরবানি দেন এবং পশু জবাইয়ের পর মাংস কাটা, ভাগ করা ও আত্মীয়-স্বজনদের মধ্যে বিতরণ করার দায়িত্ব পালন করেন। এসব দায়িত্বের মধ্যেই এখন তিনি আনন্দ খুঁজে পান।
সংগীতজীবনের পাশাপাশি মনির খান রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রাখেন। ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর রহমতে সবকিছুই তিনি সামলাতে পারেন এবং নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেন।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে প্রকাশিত তার প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়েই ব্যাপক জনপ্রিয়তা পান মনির খান। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



