চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেট এলাকার পল্লী বিদ্যুৎ অফিস ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত গুলজারে মদিনা হিফজুল কোরআন মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয় এক শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর চাচা বাদী হয়ে মাদরাসার শিক্ষক ও পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ৬ মে ভোরে মাদরাসার শিক্ষক আমান উল্লাহ পড়াশোনায় অমনোযোগিতার অভিযোগ তুলে শিক্ষার্থীকে মাথা, হাত, পা ও পিঠে মারধর করেন। এতে শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং তার হাত ও পিঠ ফুলে যায়। অভিযোগ রয়েছে, আহত হওয়ার পরও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
পরদিন বৃহস্পতিবার শিশুটির মা তাকে দেখতে গেলে সে কান্নায় ভেঙে পড়ে। পরে তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা বাদী হয়ে শিক্ষক আমান উল্লাহ ও মাদরাসার পরিচালক আশেকুর রহমানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএসআই তৌহিদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযোগের পর অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


