চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ মো. বাপ্পি নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে মো. বাপ্পি (২৭)।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেল সাড়ে ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল গোপনে অবস্থান নেয়। এ সময় একটি ব্যক্তি মোটরসাইকেলে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামার নির্দেশ দেওয়া হয়। তিনি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরে উপস্থিত জনসাধারণের সামনে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত সোনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিসহ জব্দ করা মোটরসাইকেল দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



