ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে প্রায় দুই হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার সমর্থক অংশ নেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর (চৌরাস্তা মোড়), কোর্ট মোড়, কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে দীর্ঘ পতাকা বহন করেন। এ সময় তারা আর্জেন্টিনা দলের জার্সি, বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে স্লোগান দেন। পাশাপাশি বিশ্বকাপের গান ও বাদ্যযন্ত্র বাজিয়ে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী শান্ত আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা, সাংবাদিক জিসান আহমেদ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিব জোয়ার্দ্দার।
সমর্থক শেখ লিটন বলেন, বিশ্বকাপ এলে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করা হয়, এবারও আর্জেন্টিনার ভালো পারফরম্যান্সের আশা করছেন তারা।
আরেক সমর্থক শিরিন জামান বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগের নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ ও বিশ্বকাপের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এ আয়োজন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



