গাজীপুরের কালীগঞ্জে সোমবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।

কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজন করা এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণ আজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময় মানুষ পরিবর্তনের আশায় বিএনপির দিকে তাকিয়ে আছে।”
ড. আব্দুল মঈন খান আরও বলেন, এক সময়ের স্বৈরশাসক সরকার বিএনপি নেতাকে দেশত্যাগে বাধ্য করেছিল। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরে এসেছেন। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের দখলদারিত্ব থেকে দেশ মুক্ত হয়েছে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যিনি বলেন, “গত ১৭ বছর ধরে দেশে প্রকৃত অর্থে জনগণের সরকার ছিল না। লুটপাট ও দাপটের মধ্য দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।”
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান যৌথভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন, তার সহধর্মিণী শম্পা হক, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শুরুর আগে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিলের মাধ্যমে মাঠে উপস্থিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


