ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি থেকে সরে এসে মানুষের কল্যাণকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ—এই বিশ্বাস থেকেই নতুন ধারার রাজনীতির সূচনা প্রয়োজন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সাধারণ মানুষের মতো বাসে চলাচল করছেন, ট্রাফিক সিগন্যালে গাড়ি থামাচ্ছেন। এটি কোনো ক্ষমতার প্রদর্শন নয়, বরং জনগণের পাশে থাকা রাজনীতির বাস্তব উদাহরণ।
তিনি আরও বলেন, “আমি ক্ষমতাবান”—এই মানসিকতা পরিহার করতে হবে। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের সুবিধা ও কল্যাণ।
খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আমীর খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশপ্রেম, সাহস ও আপসহীন নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি। কারাবরণ ও নির্যাতনের মুখেও তিনি মাথা নত করেননি।
এক-এগারো পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, যারা ক্ষমতার লোভে আপস করেছে কিংবা স্বার্থের রাজনীতিতে জড়িয়েছে, তারা আজ রাজনীতির অঙ্গনে অনুপস্থিত। কিন্তু বিএনপি ও খালেদা জিয়া কোনো আপসে না যাওয়ায় দলটি আজও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিন ও মনজুর আলম। এছাড়া সদস্য মফিজুল হক ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন ও মশিউল আলম স্বপন উপস্থিত ছিলেন। মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


