দেশের স্পোর্টস (খেলাধুলা) নিয়ে বিএনপির অনেক বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার বিকালে ‘ফিউচার অব স্পোর্টস ইন চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা জানান।
খেলাধুলার মাধ্যমে দেশের পরিচিতি বাড়ে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘কোনো দেশ যখন খেলায় ভাল করে তখন পুরো বিশ্বে ওই দেশের পরিচিতি বৃদ্ধি পায়। খেলাধুলা হলো দেশের সফট পাওয়ার। তাই স্পোর্টসকে নিয়ে আগামী দিনে আমাদের অনেক বড় চিন্তা রয়েছে।’
চট্টগ্রামে মাঠের সংকটের বিষয়ে আমীর খসরু বলেন, ‘মাঠের অভাবে চট্টগ্রামে খেলাধুলার চর্চা সীমিত হয়ে গেছে। ইতোমধ্যে আমি চট্টগ্রামের মেয়রের সঙ্গে কথা বলেছি। নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডে খেলার মাঠ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি ৩০টি ওয়ার্ডেও মাঠ হয়ে যাবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি চট্টগ্রাম ও দেশের স্পোর্টস নিয়ে বিশেষ নজর রাখতে আমির খসরুর প্রতি অনুরোধ জানান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইসরাফিল খসরু।
অনুষ্ঠানে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক, বিভিন্ন অ্যাকাডেমির প্রশিক্ষক, জাতীয় খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


