জাহিদ ইকবাল : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের তৎপরতা বাঁ কার্যক্রম দেশে চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

একই সঙ্গে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক ভার্চুয়াল সভায় দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় আইজিপি বলেন, “যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের সংগঠিত তৎপরতা, মিছিল-সমাবেশ, প্রচার বা গোপন বৈঠক বরদাস্ত করা হবে না। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
মহাসড়কে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইজিপি হাইওয়ে পুলিশকে বিশেষ টহল জোরদার, চেকপোস্ট বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, “যেকোনো মূল্যে মহাসড়কের ডাকাতি বন্ধ করতে হবে। এ বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।”
একই সঙ্গে জেলা পুলিশকেও নিজ নিজ এলাকায় মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পুলিশের এই কঠোর অবস্থানকে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


