ভারত ইরান থেকে জ্বালানি তেল আমদানির মূল্য চীনা মুদ্রায় পরিশোধ করছে বলে জানা গেছে। এই লেনদেন প্রক্রিয়া ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ওয়াকিবহাল সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, ইরান ও রাশিয়ার জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে ৩০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা জ্বালানি বাজার নিয়ন্ত্রণে গত মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রেক্ষাপটেই চীনা মুদ্রায় ইরান থেকে ভারতের তেল আমদানির বিষয়টি সামনে আসে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ২০ কোটি ডলার সমমূল্যের ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে।
অন্যদিকে ভারতের আরেকটি বড় প্রতিষ্ঠান রিলায়েন্স ইতোমধ্যে ইরানি তেলবাহী চারটি জাহাজ থেকে তেল খালাস করেছে বলে জানা গেছে।
ইন্ডিয়ান অয়েল করপোরেশন এবং রিলায়েন্স—উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করছে। ব্যাংকটি চীনের সাংহাই শাখার মাধ্যমে সংশ্লিষ্ট অর্থ বিক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


