চোখের সুস্থতা বজায় রাখতে সবার প্রথমেই গাজরের কথা মনে আসে। তবে শুধু গাজর খেলে চোখ সবসময় ভালো থাকে, তা সত্যি নয়। চোখের দৃষ্টি এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, চোখের দৃষ্টি ভালো রাখতে নির্দিষ্ট কিছু ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকা খাবার খাওয়া জরুরি। তবে দৃষ্টিশক্তি নির্ভর করে জেনেটিক বৈশিষ্ট্য, বয়স, জীবনধারা ও পরিবেশের ওপরও।

গাজর ছাড়াও কয়েকটি খাবার নিয়মিত খেলে চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়। সেগুলো হলো—
পেস্তা বাদাম
পেস্তা শুধু সুস্বাদু নাস্তা নয়, চোখের জন্যও উপকারী। এতে থাকা লুটেইন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে, লুটেইন ও জিয়াজ্যানথিন বেশি গ্রহণ করলে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন ও ছানি হওয়ার ঝুঁকি কমে।
মিষ্টি আলু
মিষ্টি আলু ভিটামিন ‘এ’-এর সমৃদ্ধ উৎস। একটি মাঝারি মিষ্টি আলু দৈনিক ভিটামিন ‘এ’-এর প্রয়োজনের প্রায় পুরোটা পূরণ করতে পারে। এটি চোখের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে, চোখ আর্দ্র রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।
পালং শাক
পালং শাকে লুটেইন ও জিয়াজ্যানথিন থাকে, যা চোখের রেটিনার গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলাকে সুরক্ষা দেয়। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং নীল আলোর ক্ষতিকর প্রভাব কমায়, ফলে চোখ দীর্ঘদিন সুস্থ থাকে।
ডিম
ডিমের কুসুমেও চোখের জন্য উপকারী লুটেইন ও জিয়াজ্যানথিন থাকে। যেহেতু এগুলো চর্বিতে দ্রবণীয়, তাই ডিমের কুসুমে থাকা প্রাকৃতিক চর্বি সহজে শোষণ করতে সাহায্য করে। নিয়মিত ডিম খেলে রক্তে লুটেইনের মাত্রা বাড়ে এবং চোখের স্বাস্থ্যের উন্নতি হয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় এবং দৃষ্টিশক্তি দীর্ঘসময় ভালো থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


