কানাডায় হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। প্রথমবারের মতো দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে এক ব্যক্তিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি একটি প্রমোদতরীর যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা বনি হেনরি জানান, ওই ব্যক্তি জ্বর, মাথাব্যথা ও শারীরিক দুর্বলতাসহ হালকা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে হান্টাভাইরাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে তার নমুনা কানাডার জাতীয় জীবাণুবিজ্ঞান পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিকে বিমানবন্দর থেকেই সরাসরি পর্যবেক্ষণে নেওয়া হয়, ফলে তিনি সাধারণ মানুষের সংস্পর্শে আসেননি।
জানা গেছে, যে প্রমোদতরী থেকে তিনি এসেছেন, সেখানে এরই মধ্যে বিভিন্ন দেশের অন্তত ১১ জন যাত্রী হান্টাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মলমূত্র, লালা বা বর্জ্যের মাধ্যমে ছড়ায়। এটি সাধারণত মানুষ থেকে মানুষে সহজে সংক্রমিত হয় না। তবে এবার যে ধরনের ভাইরাস স্ট্রেইন নিয়ে আলোচনা হচ্ছে, সেটি খুব বিরল ক্ষেত্রে মানবদেহ থেকে সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে কানাডাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি প্রমোদতরীর যাত্রী ও সংশ্লিষ্টদের স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



