সামাজিক বাস্তবতা ও হাস্যরসাত্মক নানা ঘটনার সমন্বয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘টিকটক বউ’। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

বিটিভির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন রাত ৯টায় নাটকটি প্রচার করা হবে। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।
গল্পে বর্তমান প্রজন্মের সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর সম্পর্ক এবং পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। কাহিনিতে দেখা যায়, মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়েটির নাম রায়না। টিকটকে রায়নাকে দেখে প্রথম দেখাতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে মনির।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করার। তাই এর আগে অনেক মেয়ে দেখলেও কাউকেই তার পছন্দ হয়নি। তবে রায়নাকে দেখার পর তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।
মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাটকে একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়। বিয়েকে ঘিরে এগিয়ে যায় নাটকের গল্প। নির্মাতা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নাটকটি যেমন দর্শকদের নির্মল বিনোদন দেবে, তেমনি সমসাময়িক সামাজিক ও পারিবারিক বাস্তবতার সূক্ষ্ম চিত্রও তুলে ধরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


