রোজার ঈদের পর ঢাকা শহরকে পরিষ্কার ও শৃঙ্খলায় আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট ফেডারেশন আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

আব্দুস সালাম বলেন, “ঢাকা শহরের ভয়াবহ অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি।”
তিনি আরও বলেন, ফুটপাত দখল, অটোরিকশার বিশৃঙ্খল চলাচল ও তীব্র যানজটসহ নানা সমস্যার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। শহরের ফুটপাতগুলো এখন হকারদের দখলে চলে গেছে এবং অনেক মার্কেটের সামনে দোকানের বাইরে ফুটপাত দখল করে পুনরায় দোকান বসানো হয়েছে। অনেক ক্ষেত্রে দোকান মালিকরাই দোকানের সামনে ফুটপাতে স্থান ভাড়া দেন। এসব বিষয় বিবেচনা করে একটি স্থায়ী সমাধান বের করা হবে।
প্রশাসক বলেন, “পুরো ঢাকা শহরে অটোরিকশার অযাচিত চলাচলের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সারা শহরে রিকশা চলবে কি না, তা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঈদের আগে কোনো ব্যবসায়ীর ক্ষতি বা উচ্ছেদ করা হবে না। ঈদের পর প্রশাসন ও সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সবাই মিলিত হয়ে বৈঠক করে সমস্যাগুলোর সমাধান বের করা হবে এবং ব্যবসায়ীদের মতামতও নেওয়া হবে।”
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, “শহরের বিভিন্ন মার্কেট সিটি করপোরেশনের রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু বাস্তবে রাজস্ব আদায় পর্যাপ্ত হচ্ছে না। রাজস্ব ঘাটতি এবং ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করার বিষয়গুলোও সমান গুরুত্ব দিয়ে দেখা হবে।”
সংগঠনের সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাসেত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোজাম্মেল হক মজু, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. আফজল হোসেন এবং ডিএসসিসি মার্কেট ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন টুটুল। এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা লায়ন মিয়া মো. আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রবসহ অন্যান্য নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


